প্রধানমন্ত্রীর ভারত সফরে চ্যালেঞ্জ আছে, উপযুক্ত পরিবেশে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। উপযুক্ত পরিবেশ তৈরি হলে সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। সফর নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন থাকলেও সরকার বাস্তবতার নিরিখে বিষয়টি নিয়ে কাজ করছে।
তিনি বলেন, ‘কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক।’
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর দীনেশ ত্রিবেদীর সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
-6abb4e191baf9.jpg)