পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলন এবং এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। তুরস্কের আন্টালিয়া নগরীতে এবারের কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বৈঠকে উচ্চপর্যায়ের সফর, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়।
এ সময় ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে অংশ নিতে তুরস্ককে আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্ক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকারের কথা জানায়।
