তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তৎপরতা, নভেম্বরেই দিল্লি যাওয়ার প্রস্তুতি!
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আবারও আনুষ্ঠানিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। নভেম্বরের একটি সুবিধাজনক সময়ে সফরটি আয়োজনের বিষয়ে দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন বলে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু টানাপোড়েনের পরও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ঢাকায় নিয়মিত বৈঠক চলছে। সম্ভাব্য সফরের আলোচ্যসূচিতে দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করা, গঙ্গা পানি চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেতে পারে।
সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী। এরপর অক্টোবর ও নভেম্বরজুড়ে তাঁর একাধিক কূটনৈতিক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নভেম্বরে নয়াদিল্লি সফরের জন্য সময় খোঁজা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১০ সেপ্টেম্বর দ্য হিন্দু জানিয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে আগ্রহী। তবে সফরের আগে এমন একটি সুনির্দিষ্ট এজেন্ডা চান, যার মাধ্যমে দেশে ফিরে দৃশ্যমান কিছু অর্জনের কথা তুলে ধরা সম্ভব হবে। একই প্রতিবেদনে বলা হয়, গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নভেম্বর বা ডিসেম্বরের শুরুর দিকে দ্বিপক্ষীয় সফর হতে পারে।
এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, পানি ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।
দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের পটভূমিতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরকে সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরের চূড়ান্ত তারিখ, পূর্ণাঙ্গ কর্মসূচি ও বৈঠকের তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।