তেল-গ্যাস অনুসন্ধানে জার্মানিকে আমন্ত্রণ জানালেন স্পিকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে জার্মানির বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে জার্মানির সঙ্গে সংসদীয় কূটনীতি ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের সংসদীয় কমিটি গঠন এবং মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও জোরদার করা যেতে পারে।
বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং সার কারখানা স্থাপনে জার্মান বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কার্যকর করতে জার্মান সরকারের সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
সাক্ষাতে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।