বাংলাদেশি সনদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় সভা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
ই-এপোস্টিল প্রক্রিয়ায় সত্যায়ন করা বাংলাদেশি সনদের গ্রহণযোগ্যতা আরও সুসংহত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সভায় সরকারি ২৬টি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
সভায় মূল সনদ যাচাই–প্রক্রিয়া আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট ইস্যুকারী কর্তৃপক্ষকে ই-এপোস্টিল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার বিষয়েও আলোচনা করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং বিদেশে থাকা বাংলাদেশের মিশনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের সনদপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং নাগরিকদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করাই ছিল সভার মূল লক্ষ্য।
২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশে ই-এপোস্টিল সেবা চালু হয়। এরপর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত ২৯ লাখের বেশি এপোস্টিল সনদ ইস্যু করেছে।
শিক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, চিকিৎসা, বিবাহ, জন্ম ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথির বিপরীতে এ সেবা দেওয়া হচ্ছে।
মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এ সেবা চালু হওয়ায় নাগরিকদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে সময় ও অর্থও সাশ্রয় হয়েছে।