ফিলিস্তিনের পাশে বাংলাদেশ, ইসরায়েলের বসতি সম্প্রসারণে ঢাকার উদ্বেগ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও তাদের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান। দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। এ সময় ফিলিস্তিনি জনগণ ও তাদের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাক্ষাতে হুমায়ুন কবির ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল সংহতি এবং তাদের বৈধ অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী।
সাক্ষাতে গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ফিলিস্তিনের চলমান দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও মতবিনিময় হয়।