পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সুইস রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্ব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের কর্মীদের কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।
বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতে সুইস বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। রাজনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া গণতন্ত্র, মানবাধিকার, বহুপক্ষীয়তাবাদ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাসহ অভিন্ন মূল্যবোধ সমুন্নত রাখতে বহুপক্ষীয় ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ।
বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন সুইস রাষ্ট্রদূত। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের কথা জানান।