অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণে সতর্কতা, বাংলাদেশিদের হোটেল বুকিং নিশ্চিতের নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর সৃষ্ট পরিস্থিতিতে চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের আগাম হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ উপহাইকমিশন। একই সঙ্গে হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে কলকাতা ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।
৩ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে কলকাতায় ভ্রমণরত ও ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করতে হবে। পাশাপাশি হোটেলটি বর্তমানে চালু আছে কি না, কক্ষের প্রাপ্যতা এবং অবস্থান সম্পর্কেও যথাযথভাবে জেনে ভ্রমণের পরিকল্পনা করতে হবে।
চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগীদের সফরসঙ্গীদেরও (অ্যাটেনডেন্ট) আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে হোটেলের বুকিং বৈধ কি না, কক্ষের প্রাপ্যতা, হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে কলকাতায় যাওয়ার আগেই নিশ্চিত হতে বলা হয়েছে।
উপহাইকমিশন জানিয়েছে, ১৯ আগস্ট কলকাতায় ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় নিরাপত্তাবিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এ পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসনসংক্রান্ত সমস্যায় পড়া এড়াতে আগাম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করেছে উপহাইকমিশন।
বিশেষ করে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া রোগী ও তাঁদের স্বজনদের ভ্রমণের আগে আবাসনের বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে কলকাতায় পৌঁছানোর পর হোটেল বন্ধ থাকা বা কক্ষ না পাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।