স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের গণতন্ত্র, সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক সংস্কার ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী। গণতন্ত্র ও নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলেও দেশে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে দেশে গণতন্ত্রের সূচনা হয় বলেও দাবি করেন তিনি।
স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ রয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান ঘটে।
তিনি আরও বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, প্রতিযোগিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ দায়িত্ব পালন করছে।
আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। গণতান্ত্রিক সংস্কার ও প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পূরণ করা সম্ভব।
তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে একটি কার্যকর ও গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা করা সম্ভব।
সাক্ষাৎকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সাধারণ পরিষদে বাংলাদেশের ভূমিকা, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা-সংক্রান্ত মামলার নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, প্রতিনিধি দলের সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।