EN ☀️
×

Follow Us

কূটনীতি

ভুটানের পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

ভুটানের পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
অ অ

ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকটুপ দর্জি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) দ্রুত চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করেন, দুই দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল দুটি চালু হলে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে অঞ্চল দুটি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার দূরদর্শী উদ্যোগের কথাও স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার ধারণা তিনিই দিয়েছিলেন উল্লেখ করে দুই পক্ষ সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

বৈঠকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক একীভূতকরণ এবং জনগণের সম্মিলিত কল্যাণে সার্ককে আরও কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

ভুটানের পররাষ্ট্র সচিব তিন দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বাংলাদেশ ও ভুটানের মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশনস (এফওসি) বৈঠকে অংশ নিতে তিনি ঢাকায় এসেছেন। এফওসি বৈঠকটি মঙ্গলবারই অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন