বরিশালের সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম
বরিশাল শহরের সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রথমবার বরিশালে এসে নৌকা ভ্রমণ ও ভাসমান বাজার ঘুরে দেখার অভিজ্ঞতাও তাঁর ভালো লেগেছে।
রবিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। নগরের কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘এটা বরিশালে আমার প্রথমবার। বরিশাল খুব সুন্দর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের।’
ঢাকা থেকে এসে তিনি ভাসমান বাজার ঘুরে দেখেছেন বলেও জানান। স্থানীয় সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে বলে মন্তব্য করেন তিনি।
বরিশাল শহরের সৌন্দর্যের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শহরটি খুবই সুন্দর। বরিশালের মানুষের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ। মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় তাঁরা আনন্দিত। ভবিষ্যতেও তিনি বারবার বরিশালে আসবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
পরে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপে মন্ত্রী বলেন, বরিশালের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই এক থাকলে বরিশালের কোনো উন্নয়নকাজ থমকে যাবে না।
ভবিষ্যতে আরও নৌবিহারের আয়োজন করা হবে বলেও জানান তিনি। এসব আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। নৌবিহারের মাধ্যমে বরিশালের উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরা এবং তা আদায়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
তথ্যমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও বরিশালে আসবেন বলে আশা করা যায়। তাই বরিশালের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই একসঙ্গে থাকলেই বরিশাল উন্নত হবে।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বরিশালের ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। বেলা সাড়ে ১১টার দিকে তিনি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন এই মসজিদে যান। মসজিদের ভেতরে প্রবেশ করে এর স্থাপত্য ও সৌন্দর্য ঘুরে দেখেন তিনি।
মিয়াবাড়ি মসজিদ পরিদর্শনের আগে মসজিদসংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম দেখেন। শিক্ষার পরিবেশ সম্পর্কেও খোঁজ নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
বরিশালে আসার আগে মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেন। নৌকায় করে তিনি ভাসমান বাজার ঘুরে দেখেন। স্থানীয় মানুষের জীবনযাপন এবং বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কেও ধারণা নেন।
বরিশাল সফরের বিভিন্ন পর্যায়ে স্থানীয় ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হন মার্কিন রাষ্ট্রদূত। পাশাপাশি নদী ও নৌকাকেন্দ্রিক জীবনযাত্রা দেখার সুযোগও পান তিনি।