বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাসপাতালে দম্পতি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম
রাজধানীর বারিধারায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুজনই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বারিধারায় অবস্থিত হাইকমিশনারের সরকারি বাসভবনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসক ডা. আমিনা সুলতানার তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে। পাকিস্তান হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, বর্তমানে হাইকমিশনার ও তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।