EN ☀️
×

Follow Us

কূটনীতি

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি এবং শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে উচ্চপর্যায়ের ফলপ্রসূ আলোচনা হয়েছে। মঙ্গলবার ও বুধবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম. রামানানের সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার, জনশক্তি রপ্তানি, কর্মসংস্থান সম্প্রসারণ, শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা এবং শ্রম অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং শ্রমবাজারসংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

সফরের প্রথম দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওই আলোচনায় জ্বালানি, বিনিয়োগ, বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া বাংলাদেশের জন্য মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এক্সিটা গ্রুপ বারহাডের বিনিয়োগ কার্যক্রম, কৌশলগত অংশীদারত্ব এবং এমএমসি করপোরেশন বারহাডের সঙ্গে বন্দর ও অবকাঠামো খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উচ্চপর্যায়ের সফর ও ধারাবাহিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নতুন উচ্চতায় পৌঁছাবে।

আরও পড়ুন