শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে এ অনুরোধ বিবেচনা করা হবে।
শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছি, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিষয়টি বিবেচনা করা হবে।”
ব্রিফিংয়ে বাংলাদেশের আরেকটি প্রত্যর্পণ অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী, একটি হত্যা মামলার আসামিকে প্রত্যর্পণের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না, জানতে চান তিনি।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওই নির্দিষ্ট বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে তিনি পুনরায় বলেন, প্রত্যর্পণসংক্রান্ত যেকোনো অনুরোধ আইনগত ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই বিবেচনা করা হয়।