EN ☀️
×

Follow Us

কূটনীতি

সেনাপ্রধানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক, সামুদ্রিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

সেনাপ্রধানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক, সামুদ্রিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

অ অ

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

নেদারল্যান্ডস দূতাবাস জানায়, বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, বন্দর আধুনিকায়ন, নৌবহরের আধুনিকীকরণ ও কার্বন নিঃসরণ হ্রাস (ডিকার্বনাইজেশন) এবং কারিগরি ও পরিচালনাগত সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল আগামী অক্টোবর অনুষ্ঠিতব্য নেদারল্যান্ডস মেরিটাইম ট্রেড মিশন-২০২৬ সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করেন। তিনি জানান, এ বাণিজ্য মিশনের মূল গুরুত্ব থাকবে জাহাজ নির্মাণ শিল্প, বন্দর উন্নয়ন এবং সামুদ্রিক অবকাঠামো খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর।

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এ পরিচালিত মিলিটারি পিসকিপিং ইন্টেলিজেন্স–ট্রেন দ্য ট্রেইনার প্রকল্পে নেদারল্যান্ডসের সহায়তার প্রশংসা করেন। তিনি বলেন, এ উদ্যোগ আঞ্চলিক শান্তিরক্ষা সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মাধ্যমে পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমে নেদারল্যান্ডসের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা সহনশীলতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

উভয় পক্ষই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন