EN ☀️
×

Follow Us

কূটনীতি

ডিএসসিএসসিতে চীনা রাষ্ট্রদূতের বক্তব্য, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আশ্বাস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম

ডিএসসিএসসিতে চীনা রাষ্ট্রদূতের বক্তব্য, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আশ্বাস
অ অ

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে এক বক্তৃতায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে চায় চীন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীন সহযোগিতা অব্যাহত রাখবে।

বুধবার (১৫ জুলাই) মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) আমন্ত্রিত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আসাদুজ্জামান, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩০০ এর বেশি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বক্তৃতায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ফলপ্রসূ হয়েছে। ওই সফরে দুই দেশ চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে নতুন যুগের ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গঠনের লক্ষ্যে আরও উন্নীত করার বিষয়ে একমত হয়েছে।

ইয়াও ওয়েন বলেন, চীন সব সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশকে বিশ্বস্ত বন্ধু, ভালো প্রতিবেশী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। তিনি বলেন, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ বা প্রভাব বলয় তৈরির নীতি চীনের পররাষ্ট্রনীতির অংশ নয়। শান্তিপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় বেইজিং।

তিনি আরও বলেন, সমতা ও শৃঙ্খলাভিত্তিক বহুমেরু বিশ্বব্যবস্থা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে চীন কাজ করছে। একই সঙ্গে বৈশ্বিক উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও সুশাসন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী দেশটি।

বক্তৃতা শেষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন চীনের রাষ্ট্রদূত। এ সময় রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন