EN ☀️
×

Follow Us

কূটনীতি

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে উচ্ছ্বাস, ফুটবল মানুষকে এক করে: সারাহ কুক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:৩৮ এএম

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে উচ্ছ্বাস, ফুটবল মানুষকে এক করে: সারাহ কুক
অ অ

ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনালকে সামনে রেখে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ফুটবলের মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার এক অসাধারণ ক্ষমতা রয়েছে। বাংলাদেশের ফুটবলপ্রেম সেই সত্যেরই উজ্জ্বল উদাহরণ।

মঙ্গলবার (১৪ জুলাই) ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা—দুই দলই অত্যন্ত শক্তিশালী এবং উভয় দলেই বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন। ইংল্যান্ডের হয়ে হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের মতো তারকারা খেলছেন, আর আর্জেন্টিনার নেতৃত্বে রয়েছেন লিওনেল মেসি। এত প্রতিভাবান খেলোয়াড় এক ম্যাচে থাকায় এটি নিঃসন্দেহে দারুণ উপভোগ্য লড়াই হবে।

আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই সেমিফাইনালে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে চায় ইংল্যান্ড।

বাংলাদেশের ফুটবলপ্রেমের প্রশংসা করে সারাহ কুক বলেন, এ দেশের মানুষের ফুটবল নিয়ে আবেগ সত্যিই অসাধারণ। বন্ধু-পরিবারের সঙ্গে খেলা দেখা, প্রিয় দলকে সমর্থন করা কিংবা একসঙ্গে উদ্‌যাপন—সব মিলিয়ে ফুটবল এমন এক বন্ধন তৈরি করে, যা ভৌগোলিক সীমানাকেও অতিক্রম করে।

তিনি বলেন, এ কারণেই ফুটবল যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠাকে তিনি দারুণ অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের অনেক মানুষ হয়তো আর্জেন্টিনাকে সমর্থন করবেন। তবে ঢাকার বিভিন্ন স্থানে ইংল্যান্ডের পতাকা দেখে তিনি বুঝতে পেরেছেন, এখানেও ইংল্যান্ডের অসংখ্য সমর্থক রয়েছেন। ফলে ম্যাচটি হবে অত্যন্ত আকর্ষণীয়।

বাংলাদেশে ইংল্যান্ডের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে সমর্থন করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের উৎসাহ দলকে অনুপ্রাণিত করে এবং বাংলাদেশেও এত সমর্থন দেখতে পেরে তারা আনন্দিত।

সম্ভাব্য ফাইনাল নিয়ে এক প্রশ্নের জবাবে সারাহ কুক বলেন, ম্যাচের ফল নিয়ে আগাম কিছু বলতে চান না। তবে ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে, তাহলে রোববার নিশ্চয়ই বড় ধরনের উদ্‌যাপন হবে। তিনি আশা প্রকাশ করেন, ‘এবার ফুটবল ঘরে ফিরবে’।

আরও পড়ুন