কাতারের সাবেক আমিরের শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকারমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় কাতার দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে তিনি শোকবার্তায় স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
শোকবার্তায় মন্ত্রী শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ কাতারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।
তিনি আরও জানান, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে।
এ ছাড়া কাতারের আমির, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।