বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, এফটিএ ও এলডিসি-পরবর্তী বাণিজ্য নিয়ে আলোচনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি: সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে বাংলাদেশ-ইইউ দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা (নন-ট্যারিফ ব্যারিয়ার) দূরীকরণ, এলডিসি-পরবর্তী বাণিজ্য সুবিধা এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপীয় ইউনিয়নের উত্থাপিত বিভিন্ন উদ্বেগ দূর করতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং এ ক্ষেত্রে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি এমন একটি পরিবেশ গড়ে তোলা হচ্ছে, যাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়, বাণিজ্য প্রতিবন্ধকতা কমে এবং বাংলাদেশের অর্থনীতির প্রতি আন্তর্জাতিক অংশীদারদের আস্থা আরও সুদৃঢ় হয়।
তিনি বলেন, ইইউর প্রত্যাশা ও উদ্বেগের বিষয়গুলো সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ধাপে ধাপে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অংশীদারদের কাছে বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতার বার্তা পৌঁছে দিতেই সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, জ্বালানি সংকট নিরসন এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দক্ষ ব্যবস্থাপনার আওতায় আনার মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশ-ইইউ সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তিনি জানান, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে অনুসন্ধানমূলক আলোচনা শুরু করতে ইইউ প্রস্তুত এবং এ বিষয়ে বাংলাদেশকে একটি আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়েছে।
তিনি অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসাবান্ধব পরিবেশ আরও উন্নত করা এবং এলডিসি-পরবর্তী সময়ে বাণিজ্যিক সুবিধা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
মাইকেল মিলার বলেন, সময়মতো প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন হলে বাংলাদেশ-ইইউ এফটিএ আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।