EN ☀️
×

Follow Us

কূটনীতি

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

তিস্তা, রোহিঙ্গা ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ছবি: সংগৃহীত

অ অ

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (বিসিআইএম), চীনের বিনিয়োগ, রোহিঙ্গা সংকট এবং দ্বিপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি উন্নয়ন, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও বিভিন্ন প্রস্তাবিত প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে চীনের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়। দুই দেশের জনগণের কল্যাণ, বাণিজ্য সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে এই সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন