পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য তৃতীয় গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণ এবং মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ইইউর গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ-এর আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের পাঠানো একটি অভিনন্দনপত্রও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ওই চিঠিতে পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা করেন তারা।
এ ছাড়া প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, উচ্চপর্যায়ের আসন্ন সফর ও বৈঠক, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পায়।
দুই পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়েও মতবিনিময় করেন।
বৈঠক শেষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারত্ব পারস্পরিক স্বার্থে আরও জোরদার করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।