বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, সুশাসন ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। ছবি: সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে এমিলি পালাউয়ান উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর টেকসই উন্নয়ন, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ-ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
আলোচনায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকার বিষয়েও মতবিনিময় করা হয়।
ডা. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।