বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারে ঢাকায় ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে ঢাকায় ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে পাকিস্তান হাইকমিশন।
শুক্রবার (১৯ জুন) রাজধানীতে আয়োজিত এ উৎসবে পাকিস্তানের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় খাদ্য ঐতিহ্য, সংস্কৃতি এবং ফ্যাশনকে তুলে ধরা হয়। এতে কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান গভীর সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। এ ধরনের জনগণের অংশগ্রহণমূলক আয়োজন দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, উৎসবে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভবিষ্যতেও জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
উৎসবে দর্শনার্থীরা পাকিস্তানের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি দেশটির সংস্কৃতি ও ফ্যাশন সম্পর্কে জানার সুযোগ পান। এ সময় পাকিস্তানের খ্যাতনামা কয়েকটি ফ্যাশন ব্র্যান্ড তাদের পণ্য প্রদর্শন করে।
দিনব্যাপী চলা এ উৎসবে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।