জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪১ এএম
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন—জাতিসংঘে এ আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
শনিবার (২০ জুন) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গার উপস্থিতির কারণে দেশের ওপর উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী আরও উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে এ পরিস্থিতি বাংলাদেশের জন্য টেকসই নয়। একই সঙ্গে রোহিঙ্গারাও তাদের নিজ দেশে ফিরে যেতে চায়।
সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনৈতিক উদ্যোগ ও সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক অংশীদারদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশের পক্ষ থেকে আবারও জোর দিয়ে বলা হয়েছে, রোহিঙ্গা সংকট শুধু আঞ্চলিক নয়, এটি একটি আন্তর্জাতিক মানবিক সংকট। তাই এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও কার্যকর পদক্ষেপ জরুরি।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরগুলো কক্সবাজার জেলায় অবস্থিত।