বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন। বৈঠকে ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও অংশ নেন।
বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, শিক্ষা, বাণিজ্য এবং সংসদীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের হাইকমিশনার বলেন, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে নিতে তার দেশ আগ্রহী।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে বলেও তিনি উল্লেখ করেন।
হাইকমিশনার জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। এরই মধ্যে ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে গেছেন। দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ‘নলেজ করিডোর’ প্রকল্প নিয়ে কাজ চলমান রয়েছে বলেও তিনি জানান।
আলোচনায় সংসদীয় পর্যায়ে যোগাযোগ জোরদারে একটি সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাবও তুলে ধরেন পাকিস্তানের হাইকমিশনার।
বৈঠকের একপর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ বিষয়ে তিনি পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় হয়।