বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
সাক্ষাতে গণতন্ত্র, সংসদীয় কার্যক্রম, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সম্ভাবনা, জ্বালানি খাতের উন্নয়ন এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন ও অ্যানা পিটারসন।
অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, মারজিয়া আক্তার এমপি, মারদিয়া মমতাজ এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।
বৈঠকে ডা. শফিকুর রহমানের আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করে তোলার ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ মত প্রকাশ করেন যে, বিরোধী দলের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র প্রাণবন্ত হতে পারে না। পাশাপাশি ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও মতবিনিময় করা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং জ্বালানি খাতের উন্নয়ন প্রসঙ্গও গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনার একপর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।
এ ছাড়া বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতার বিষয়েও মতবিনিময় করা হয়। বৈঠকটি আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।