ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ-চীন বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, সড়ক যোগাযোগ এবং পারস্পরিক প্রতিনিধিদল বিনিময়সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (১২ জুন) চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে ইউনান প্রাদেশিক নেতৃত্বের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিনিধি দলে আরও ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির এমপি, সংসদ সদস্য আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল ও সুলতানা জেসমিন এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
চীনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান এবং ইউনান প্রাদেশিক কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ওয়াং নিং। এ সময় ইউনান প্রাদেশিক কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং শেনজিং, ভাইস গভর্নর লিউ ইয়াং, পররাষ্ট্র, শিক্ষা, বাণিজ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই পক্ষ ইউনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়। বিশেষ করে স্বাস্থ্যসেবা, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধি এবং সড়ক যোগাযোগ বা কানেক্টিভিটি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং এ খাতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা, বাণিজ্য ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে দুই দেশের প্রতিনিধিদল আদান-প্রদানের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।
বৈঠকে বক্তারা বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। তাদের মতে, অর্থনীতি, স্বাস্থ্য, অবকাঠামো ও আঞ্চলিক সংযোগের মতো খাতে ঘনিষ্ঠ সহযোগিতা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।