EN ☀️
×

Follow Us

কূটনীতি

প্রধানমন্ত্রীর মুখপাত্রের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, কৃষি ও পানি ব্যবস্থাপনায় জোর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:৩৪ এএম

প্রধানমন্ত্রীর মুখপাত্রের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, কৃষি ও পানি ব্যবস্থাপনায় জোর
অ অ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের (ডাচ) রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। মঙ্গলবার (০৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা, কর্মসংস্থান এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ (পিপল-টু-পিপল কন্টাক্ট) বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে কৃষি, সামুদ্রিক খাত, বস্ত্র শিল্প, পানি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ (এগ্রো-প্রসেসিং) খাত। ডাচ প্রতিনিধিদল বাংলাদেশের কৃষি খাতের আধুনিকায়নে তাদের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে খাদ্য সংরক্ষণ, কৃষিপণ্যের মূল্য সংযোজন ও কৃষিভিত্তিক শিল্প উন্নয়নে যৌথ বিনিয়োগের ওপর জোর দেন তাঁরা।

এর পাশাপাশি বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে নেদারল্যান্ডস প্রতিনিধিদল। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেয়েদের সাফল্য ও উদ্দীপনার ভূয়সী প্রশংসা করেন ডাচ রাষ্ট্রদূত।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নদী শাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগানোর বিষয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ডাচ প্রশাসন।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন দেশের বেকারত্ব হ্রাস ও তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি (আইটি), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, উদ্ভাবনী শিল্পের বিকাশ এবং ই-কমার্স খাতের সম্প্রসারণে সরকার বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে।

বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির নানামুখী উদ্যোগের কথা উল্লেখ করে মাহদী আমিন আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি কর্মমুখী তৃতীয় একটি ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের কাজ চলছে।

বৈঠক শেষে উভয়পক্ষই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে যৌথ ব্যবসায়িক উদ্যোগ, শিক্ষা বিনিময় কর্মসূচি এবং দক্ষ জনশক্তি বিনিময়ের মাধ্যমে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

আরও পড়ুন