কুয়েতে ২৪০ টন খাদ্যসামগ্রী পাঠালো বাংলাদেশ, সংহতির বার্তা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
সংহতি ও ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে কুয়েত সরকারের জন্য ২৪০ টন খাদ্যসামগ্রী উপহার পাঠিয়েছে বাংলাদেশ।
শনিবার (২৪ মে) কুয়েত সফররত প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ-এর কাছে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে একে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক পরিস্থিতির মধ্যে কুয়েতের জনগণের প্রতি বাংলাদেশের এই সহমর্মিতা ও সংহতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর উদ্দেশ্যে পাঠানো একটি চিঠিও হস্তান্তর করেন। চিঠিতে কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আলোচনায় বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, মানবিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা ও বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।