বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের উচ্চপর্যায়ের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন।
সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চশিক্ষা এবং ফুড প্রসেসিং খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন হাইকমিশনার ডেভিড পাইন।
এ সময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়ে আরও সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ু ইস্যু মোকাবেলায় বাংলাদেশ ভবিষ্যতেও সক্রিয় ও কার্যকর নেতৃত্ব দিতে প্রস্তুত।