বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন দিনেশ ত্রিবেদী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম
ভারতের অভিজ্ঞ রাজনীতিক, প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। তিনি বর্তমান রাষ্ট্রদূত প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।
৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি বাঙালি সংস্কৃতি সম্পর্কে গভীর জানাশোনাই তাকে এই পদের জন্য যোগ্যতম করে তুলেছে।
গুজরাটের ব্যবসায়ী পরিবারের সন্তান হলেও দীনেশ ত্রিবেদী ঝরঝরে বাংলা বলতে পারেন যা দুই দেশের কূটনৈতিক আদানপ্রদানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ভাষা ও সংস্কৃতির এক বিশেষ মেলবন্ধনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বলেও মত প্রকাশ করেছেন ভারতীয় রাজনৈতিক মহলের একাংশ।
প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন। এই প্রথম আমলার পরিবর্তে কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্বে আসছেন।