বাণিজ্যিক সম্পর্ক জোরদারে তুরস্ক যাবে বিজিএমইএ’র প্রতিনিধিদল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং টেক্সটাইল খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিয়েছে দুই দেশ। এই লক্ষ্য বাস্তবায়নে দ্রুতই বিজিএমইএ’র একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল তুরস্ক সফর করবে।
রবিবার (১৯ এপ্রিল) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকারে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ এবং পরিচালক মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সঙ্গে তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলরও উপস্থিত ছিলেন।
বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দ্রুত বিজিএমইএ থেকে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল তুরস্ক সফরের ওপর গুরুত্বারোপ করেন। বিজিএমইএ সভাপতি এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, পণ্য বহুমুখীকরণে তুরস্ক বাংলাদেশের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় বাজার এবং এই সফর দুই দেশের বাণিজ্যিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার করবে।
বিজিএমইএ সভাপতি বাংলাদেশের ম্যান-মেড ফাইবার এবং টেকনিক্যাল টেক্সটাইল খাতে যৌথ বিনিয়োগের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, তুরস্কের শক্তিশালী রিফাইনিং সক্ষমতা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য সাশ্রয়ী কাঁচামাল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ২০১১ সাল থেকে কার্যকর ‘সেইফগার্ড ডিউটি’ প্রত্যাহার এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
তুরস্ক থেকে আমদানিকৃত তুলা ব্যবহার করে উৎপাদিত পোশাকের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রাপ্তির কারিগরি বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। এ প্রেক্ষিতে বিজিএমইএ তুরস্কের অর্গানিক কটন ও আধুনিক টেক্সটাইল মেশিনারিজ আমদানিতে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে তুর্কি এয়ারলাইন্স এবং ইস্তাম্বুল বিমানবন্দরের উন্নত লজিস্টিক সুবিধা ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে দ্রুত পণ্য সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
বিজিএমইএ’র অনুরোধের পরিপ্রেক্ষিতে পোশাক খাতে কর্মরত মার্চেন্ডাইজারদের জন্য তুরস্কের ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে রাষ্ট্রদূত পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।