EN ☀️
×

Follow Us

কূটনীতি

প্রণয় ভার্মার বিদায়, কে হচ্ছে ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার?

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম

প্রণয় ভার্মার বিদায়, কে হচ্ছে ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার?

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বদলি করা হয়েছে। তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রণয় ভার্মা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের প্রাক্কালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে ঢাকায় প্রণয় ভার্মার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে কূটনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রণয় ভার্মার দায়িত্বকাল ছিল নানা উত্থান-পতনে ভরা। এ সময়েই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন, ঢাকায় ভারতবিরোধী বিক্ষোভ—সব মিলিয়ে জটিল পরিস্থিতির মধ্যেই দায়িত্ব পালন করেন তিনি। তবে নির্বাচন পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আবার স্বাভাবিক ধারায় ফিরে আসে।

সরকার গঠনের পর প্রণয় ভার্মা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও একাধিকবার আলোচনা করেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সর্বশেষ গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন প্রণয় ভার্মা। ওই বৈঠকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা হয়।

বৈঠকে প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এ সময় তারেক রহমান বলেন, ‘ইতিবাচক মানসিকতা বজায় রাখলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব।’

প্রণয় ভার্মাও বলেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত।’

প্রণয় ভার্মার বিদায়ের মধ্য দিয়ে ঢাকায় ভারতীয় কূটনৈতিক মিশনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন নজর কাদের হাতে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে। [সূত্র: হিন্দুস্তান টাইমস] 

আরও পড়ুন