EN ☀️
×

Follow Us

কূটনীতি

ঢাকায় আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাংস্কৃতিক বন্ধন আরও জোরদারের ওপর গুরুত্ব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম

ঢাকায় আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অ অ

ঢাকায় ভারতের কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার গুলশানে ইন্ডিয়ান গ্র্যান্ড কালচারাল সেন্টার (আইজিসিসি) প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও আইজিসিসি।

অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে আইসিসিআর অ্যালামনাই ও বাংলাদেশের জ্যেষ্ঠ শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। পাশাপাশি সংগীত, নৃত্য ও যোগব্যায়াম পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিসিআর স্কলার ও সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপে রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক দুই দেশের বন্ধুত্বের শক্ত ভিত্তি। তিনি আইসিসিআরকে ভারতীয় কূটনীতির ‘সাংস্কৃতিক হৃদস্পন্দন’ হিসেবে উল্লেখ করেন।

এ সময় তিনি ‘সম্প্রীতি’ শীর্ষক দুই দিনের আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। এতে বাংলাদেশের ৩০ জনেরও বেশি শিল্পী ও আইসিসিআর স্কলার অংশ নেন। তৈরি শিল্পকর্ম আগামী ৩০ এপ্রিল থেকে দুই সপ্তাহব্যাপী প্রদর্শনীতে প্রদর্শিত হবে।

অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত আইসিসিআর স্কলার ও শিল্পী তরুণ ঘোষকে শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন