EN ☀️
×

Follow Us

কূটনীতি

উত্তরায় গ্যালারি কায়ায় ১১ শিল্পীর প্রদর্শনী উদ্বোধন করলেন প্রণয় ভার্মা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

উত্তরায় গ্যালারি কায়ায় ১১ শিল্পীর প্রদর্শনী উদ্বোধন করলেন প্রণয় ভার্মা
অ অ

রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায় শুরু হয়েছে ১১ জন বাংলাদেশি শিল্পীর বিশেষ চিত্র প্রদর্শনী। ‘ক্রসরোড... নট আ প্রজেক্ট’ শীর্ষক এই দলীয় প্রদর্শনীর উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

শুক্রবার (৩ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর পর্দা উন্মোচিত হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রণয় ভার্মা বলেন, “ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শিল্পকলা একটি শক্তিশালী মাধ্যম, যা দুই দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। আমাদের অভিন্ন ইতিহাস, ভূগোল, ভাষা ও সংস্কৃতি তো রয়েছেই, তবে শিল্পকলা সবসময়ই এই সম্পর্কের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।”

দুই দেশের শিল্পীদের পারস্পরিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে হাইকমিশনার আরও বলেন, “দীর্ঘকাল ধরে ভারত ও বাংলাদেশের শিল্পীরা একে অপরের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন এবং যৌথভাবে অনন্য সব শিল্পকর্ম সৃষ্টি করেছেন। আগামী দিনে এই আদান-প্রদান আরও বাড়াতে ভারত সব ধরনের সহযোগিতা ও উৎসাহ দিতে প্রস্তুত।”


এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ১১ জন শিল্পীর সৃজিত মোট ৪৬টি শিল্পকর্ম, যেখানে মাধ্যম ও উপস্থাপনার বৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয়। সিরামিক ও স্টোনওয়্যার সিরামিকের ভাস্কর্যের পাশাপাশি পিতলের নির্মিত শিল্পবস্তু, ওয়েল্ডেড আয়রনের ভাস্কর্য, তেলরং, অ্যাক্রিলিক, গুয়াশ ও জলরঙে আঁকা চিত্রকর্ম এবং বিভিন্ন মিশ্র মাধ্যমে তৈরি কাজ। সব মিলিয়ে প্রদর্শনীটি হয়ে উঠেছে এক বিস্তৃত শিল্পভূমি। 

আয়োজক গ্যালারি কায়া জানায়, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন