সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (৩০ মার্চ) ঢাকার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু। প্রযুক্তিগত ক্ষেত্রে বিশেষ করে স্মার্ট কার্ড ব্যবস্থায় চীনের অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বাস্তবায়নাধীন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি একটি ডেটাবেজভিত্তিক ডিজিটাল সামাজিক সুরক্ষা প্ল্যাটফর্ম, যা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এই কর্মসূচিকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রশংসা করে বলেন, এটি ইতোমধ্যেই নিম্নআয়ের মানুষের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
রাষ্ট্রদূত বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতেও বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী চীন। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায় দেশটি।
তিনি আরও বলেন, চীনের প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগলে তা উভয় দেশের জন্যই ফলপ্রসূ হবে এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।