EN ☀️
×

Follow Us

কূটনীতি

তুরস্কে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

তুরস্কে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
অ অ

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতার মূল লক্ষ্য অর্জন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনের শুরুতে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে শহীদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দূতাবাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

সবশেষে রাষ্ট্রদূত তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা মা বোনদের অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং স্বাধীনতার মূল লক্ষ্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করা এবং জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা মর্মে উল্লেখ করেন। 

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রবর্তন করেন এবং এর আলোকে প্রতিবেশী দেশসমূহ এবং আন্তর্জাতিক পর্যায়ে সব দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাস্তববাদী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রেখে বৈশ্বিক পরিসরে শান্তি, সহযোগিতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন