মুম্বাইয়ে উপ-হাইকমিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম
ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন উপ-হাইকমিশনার মিজ ফারহানা আহমেদ চৌধুরী।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সার্বভৌমত্ব অটুট রাখা এবং দেশের উন্নয়ন নিশ্চিত করতে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।’