ইন্দোর আর্মি ওয়ার কলেজ পরিদর্শন করলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের ইন্দোরে অবস্থিত আর্মি ওয়ার কলেজ পরিদর্শন করেছেন। সফরকালে তিনি প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন।
সফরের শুরুতে আর্মি ওয়ার কলেজের কমান্ড্যান্ট হারজিৎ সিং সাহি বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে স্বাগত জানান।
পরবর্তীতে হাইকমিশনার কলেজটিতে পরিচালিত হায়ার কমান্ড কোর্সে বক্তব্য রাখেন। এই কোর্সে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর প্রায় ১৮০ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা অংশ নেন বলে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে।
বক্তব্যে হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা করেন।
তিনি দুই প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের সুযোগের বিষয়েও আলোকপাত করেন।
এই সফরকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কৌশলগত বোঝাপড়া এবং সংলাপ আরও গভীর করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।