EN ☀️
×

Follow Us

কূটনীতি

আংকারায় বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

আংকারায় বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
অ অ

তুরস্কের আংকারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আংকারার ‘ইউজে ইন্টারন্যাশনাল স্কুল’ প্রাঙ্গণে বিভিন্ন দেশের দূতাবাস ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় দফার আয়োজন।

দিবসটি উপলক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে একটি অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা শেষে তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক দিবসটির গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে সব ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়েই আমরা মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি।’ 

১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে বাঙালির জাতীয় জীবনের এক অনন্য অর্জন হিসেবে অভিহিত করেন তিনি।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ২০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। তুরস্ক ছাড়াও ফ্রান্স, বসনিয়া ও হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া ও তুর্কমেনিস্তানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ভাষায় গান, নাচ ও কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে কূটনৈতিক কোরের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয়।

আরও পড়ুন