EN ☀️
×

Follow Us

কূটনীতি

ইসলামাবাদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

ইসলামাবাদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
অ অ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এ উপলক্ষ্যে হাইকমিশন প্রাঙ্গণে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান মিশনের কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সমবেত কণ্ঠে পরিবেশিত হয় অমর একুশের গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়া ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি খোন্দকার এম. তালহার একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, বায়ান্নর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ভাষাভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তি রচিত হয়েছিল।

হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ব্যানার ও বাংলা বর্ণমালায় সজ্জিত দূতালয় প্রাঙ্গণ একুশের আবহ তৈরি করে। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন