প্রিটোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে হাইকমিশন প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ৯টায় হাইকমিশন প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রিটোরিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন তেলাওয়াতের পর দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অমর একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক তাৎপর্য ও বিশ্বজুড়ে মাতৃভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। আমন্ত্রিত অতিথিরা প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে হাইকমিশনার শাহ্ আহমেদ শফী ভাষা আন্দোলনের অবিনাশী চেতনাকে ধারণ করে প্রবাসে বাংলা ভাষা ও নিজস্ব সংস্কৃতি লালন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রবাসীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং বাংলাদেশের নবগঠিত সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দিবসটি উপলক্ষ্যে শিশুদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাইকমিশনার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।