EN ☀️
×

Follow Us

কূটনীতি

রোমে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

রোমে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
অ অ

ইতালির রাজধানী রোমে যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালন করেছে বাংলাদেশ দূতাবাস। শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর সংহতির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন প্রবাসী বাংলাদেশি ও বন্ধুপ্রতিম ইতালীয় নাগরিকেরা।

দিবসের প্রথম প্রহরে রোমের আইজাক রবিন পার্কে স্থাপিত স্থায়ী শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত রকিবুল হক। দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাস সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইতালীয় নাগরিকেরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সভাপতির ভিডিও বার্তা ও মহাসচিবের বাণী প্রচার করা হয়।

আলোচনায় অংশ নিয়ে প্রবাসী নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনের আত্মত্যাগই ছিল গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল অনুপ্রেরণা। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের ঘোষিত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচিকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে স্বাধীনতা সংগ্রামে একুশের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, ‌‘গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকারের সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় দেশে নতুন দিগন্তের সূচনা করেছে।’

এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য ‘বহুভাষিক শিক্ষায় তরুণদের কণ্ঠস্বর’ (Youth voice on multilingual education) উল্লেখ করে রাষ্ট্রদূত প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শেখার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি প্রবাসীদের অমর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে একটি উন্নত ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন