EN ☀️
×

Follow Us

কূটনীতি

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

টোকিওতে  যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
অ অ

জাপানের রাজধানী টোকিওতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়।

দিবসের প্রথম প্রহরে তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তোশিমা সিটির প্রতিনিধি ছাড়াও জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা প্রভাতফেরির মাধ্যমে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন রাষ্ট্রদূত মো. দাউদ আলী। এরপর দূতাবাস মিলনায়তনে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।

অমর একুশের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটি বিশ্বজুড়ে স্বীকৃত, যা বিশ্বের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে প্রেরণা জোগায়।

অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন