মুম্বাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপ-হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন উপ-হাইকমিশনার মিজ ফারহানা আহমেদ চৌধুরী। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।
পরবর্তী আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মহান ভাষা সংগ্রামের ইতিহাস ও বিশ্বজুড়ে সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় এই দিবসের গুরুত্ব তুলে ধরেন। ইউনেস্কো কর্তৃক ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতির প্রেক্ষাপট নিয়েও আলোকপাত করা হয়।
উপ-হাইকমিশনার মিজ ফারহানা আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন,
বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় মননে মহান ভাষা আন্দোলনের তাৎপর্য অপরিসীম। নিজেদের অস্তিত্ব, কৃষ্টি ও মর্যাদা রক্ষায় এ দেশের মানুষ বারবার জীবন উৎসর্গ করেছে, যা বিশ্ব ইতিহাসে বিরল।
দিবসের শেষভাগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাসহ বিভিন্ন ভাষায় দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠানে উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।