অন্তর্ভুক্তিমূলক সমাজের ওপর গুরুত্ব দিয়ে ঢাকায় নর্ডিক ডে উদ্যাপন
‘অন্তর্ভুক্তিমূলক সমাজ, একসঙ্গে আরও শক্তিশালী’, যা নর্ডিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অভিন্ন মূল্যবোধ এবং চলমান সহযোগিতার বিষয়টি তুলে ধরে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ এএম
ছবি: সংগৃহীত
ঢাকায় অবস্থিত নর্ডিক দেশগুলোর দূতাবাস যৌথভাবে ২০২৬ সালের নর্ডিক ডে উদ্যাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ, একসঙ্গে আরও শক্তিশালী’, যা নর্ডিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অভিন্ন মূল্যবোধ এবং চলমান সহযোগিতার বিষয়টি তুলে ধরে।
নর্ডিক ডে ১৯৬২ সালে স্বাক্ষরিত হেলসিঙ্কি চুক্তির স্মরণে পালিত হয়, যা প্রাতিষ্ঠানিক নর্ডিক সহযোগিতার ভিত্তি স্থাপন করে।
এই দিবসটি বিশ্বজুড়ে নর্ডিক দেশগুলোর কার্যক্রম পরিচালনার মূল নীতিসমূহের প্রতিফলন—যার মধ্যে রয়েছে গণতন্ত্র, টেকসই উন্নয়ন, জেন্ডার সমতা, সংখ্যালঘুদের অধিকার, অন্তর্ভুক্তিমূলক সমাজ, বহুপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা।
এ বছর আয়োজিত অনুষ্ঠানে নর্ডিক দেশগুলোর ঐক্যের শক্তি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অভিন্ন বৈশ্বিক লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও নর্ডিক দেশগুলোর চলমান সহযোগিতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উদ্যাপন অনুষ্ঠানে নর্ডিক ঐতিহ্যবাহী খাবার ও সঙ্গীত পরিবেশিত হয়, যা কূটনীতিক, সরকারি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজের সদস্যসহ অতিথিদের মধ্যে সংলাপ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সম্পর্ক জোরদারে সহায়ক পরিবেশ সৃষ্টি করে।
নর্ডিক ডে ২০২৬ উদ্যাপনের মধ্য দিয়ে নর্ডিক দূতাবাসগুলো বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা এবং টেকসই ও নিয়মনির্ভর আন্তর্জাতিক ব্যবস্থা উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।