প্রিটোরিয়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে পবিত্র কোরআন তেলাওয়াত, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারিতে আয়োজিত এ অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।
আসর নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এ উপলক্ষ্যে হাইকমিশনে সরকারি কূটনৈতিক কোরের সদস্যদের স্বাক্ষরের জন্য একটি শোকবই খোলা হয়েছে। শোকবইটি ৫ ও ৬ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাক্ষরের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বহুদলীয় রাজনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে দেশে ও বিদেশে গভীর শোকের আবহ বিরাজ করছে।