খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের দূতাবাস, জাতিসংঘ ও ইইউর শোক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এসব বিদেশি মিশন তাদের ফেসবুক পেজে এই শোক ও সমবেদনা জানায়।
শোকবার্তায় কারা কী লিখল
ভারতের হাইকমিশন
ঢাকায় থাকা ভারতের হাইকমিশন তাদের ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক জানানোর একটি পোস্ট শেয়ার করে। পোস্টে মোদি লেখেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও লিখেছেন, ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং কর্মপন্থা আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে। তার আত্মা শান্তিতে থাকুক।
ইউএস অ্যাম্বাসি
যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। তিনি তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।
চীনা দূতাবাস
চীন দূতাবাস তাদের পেজে লিখেছে, ‘গণতন্ত্র ও স্বাধীনতার এক বলিষ্ঠ কণ্ঠস্বর খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের সঙ্গে আমরাও শোকাহত। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার দৃঢ়তা ও নিষ্ঠার উত্তরাধিকার চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।’
যা লিখেছে ফ্রান্স
ফ্রান্সের দূতাবাস তাদের ফেসবুক পেজে বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী সরকারপ্রধান খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাস গভীর শোক প্রকাশ করছে। খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই শোকের সময়ে ফ্রান্স তার পরিবার, তার দল এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছে। তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
জার্মানি দূতাবাস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে জার্মানি দূতাবাস গভীর শোক প্রকাশ করছে। দূতাবাসটির ফেসবুক পেজে লেখা হয়েছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গত কয়েক দশকে তাঁর সঙ্গে জার্মানির সম্পৃক্ততার কথা স্মরণ করছে জার্মানি। এর মধ্যে রয়েছে ২০০৪ সালে ঢাকায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োশকা ফিশারের সঙ্গে তার সাক্ষাৎ এবং ২০১১ সালে রাষ্ট্রীয় সফরে জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সঙ্গে তার বৈঠক। এ ছাড়া বিভিন্ন সময়ে জার্মানির জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে তার একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।
আরও লেখা হয়েছে, ‘এই শোকের মুহূর্তে জার্মানি জাতীয় জীবনে তার (খালেদা জিয়া) অবদানকে সম্মান জানাচ্ছে এবং তার পরিবার, তার দল ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। জার্মানি আমাদের দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শান্তিতে বিশ্রাম নিক।’
যা বলেছে কানাডা হাইকমিশন
কানাডা হাইকমিশন তাদের ফেসবুকে লিখেছে, ‘খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি কানাডা আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। এই কঠিন সময়ে তার পরিবার যেন শক্তি ও সান্ত্বনা খুঁজে পায়—এ কামনা করেছে কানাডা।’
শোকবার্তায় কী বলেছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। অত্যন্ত বেদনাদায়ক এই সময়ে তার পরিবার, স্বজন ও বাংলাদেশের জনগণের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
জাপান হাইকমিশন
জাপান দূতাবাস তাদের ফেসবুক পোস্টে লিখেছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার, বিএনপির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’
এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়া দুইবার জাপান সফর করেন এবং আমাদের দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে মূল্যবান অবদান রাখেন। তার নিষ্ঠা ও উল্লেখযোগ্য অর্জনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক।’
যা লিখেছে অস্ট্রেলিয়ার দূতাবাস
অস্ট্রেলিয়া হাইকমিশন তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’
ইরানের দূতাবাস
মধ্যপ্রচ্যের দেশ ইরানের দূতাবাস এক বার্তায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব নেতা–কর্মীর প্রতি গভীর শোক প্রকাশ করছে।
তাদের পেজে লেখা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন একজন বিশিষ্ট জাতীয় নেতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার দীর্ঘ কর্মজীবনে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জনকল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার প্রধানমন্ত্রিত্বের সময়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে ইরানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক বজায় ছিল।
ভুটান ইহকমিশন
ভুটান দূতাবাসের তাদের ফেসবুক পেজে শোকবার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে রয়্যাল ভুটান দূতাবাস গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
এসব বিদেশি মিশন ছাড়াও থাইল্যান্ড, রিপালিক অব কোরিয়া, মালয়েশিয়া, সুইডেন, সুইজারল্যান্ডসহ আরও অনেক দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে।
এছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও। বাংলাদেশে জাতিসংঘের দপ্তর তাদের ফেসবুক পোস্টে লিখেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমরা গভীর শোকাহত। শোকাবহ এই পরিস্থিতিতে আমরা সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং তার প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। এ সময়ে আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করছি।’
ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস তাদের ফেসবুকে পেজে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।