EN ☀️
×

Follow Us

কূটনীতি

আলজিয়ার্সে মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

আলজিয়ার্সে মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

ছবি: সংগৃহীত

অ অ

আলজিয়ার্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ১৬ ডিসেম্বর দূতাবাসের চ্যান্সারি ভবনে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদসহ আলজিয়ার্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সকালে আলজিয়ার্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন। পরে রাষ্ট্রদূতের সভাপতিত্বে দূতাবাস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশের অব্যাহত শান্তি, নিরাপত্তা ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রযোজিত মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বিজয় দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পূর্ণ বাস্তবায়নেই জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তিনি ’৭১ ও ’২৪-এর শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রবাসী বাংলাদেশিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রমের কথা উল্লেখ করেন এবং এসব সংস্কার কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগের বিষয়টি তুলে ধরে নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে যথানিয়মে ভোট প্রদানের আহ্বান জানান। গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের মাঝে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। এর মধ্য দিয়ে আলজিয়ার্সে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

আরও পড়ুন