সিলেটে প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুনের ঘটনায় গ্রেপ্তার ২
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের ফটকে আগুন দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
শনিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন।
গ্রেপ্তার বরিশালের আগৈলঝড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১)। অপর জন সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)।
তারা বর্তমানে সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
মহানগর পুলিশ জানিয়েছে, ‘‘গত ২০ নভেম্বর রাত পৌনে তিনটার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে পেট্রোল বা কেরোসিন দিয়ে আগুন দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। শনিবার (২১ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’’
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেন, ‘‘প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পরে রবিবার (২২ নভেম্বর) সকালে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়।’’
